ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এবার ২৯৪টি আসনের এই নির্বাচনে দু’দফায় ভোট নেয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রথম দফায় ১৬ জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ চলছে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ শুরু হতেই বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত বিশৃঙ্খলার খবর পাওয়া যাচ্ছে। মুর্শিদাবাদের ডোমকল কেন্দ্রে সিপিআই (এম) ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর ফলে ২১৭ নম্বর বুথে ভোট দিতে যেতে পারছেন না স্থানীয়রা।
মুর্শিদাবাদ পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরে মাইকিং করে মানুষকে ভোট দিতে যাওয়ার আবেদন ও নিরাপত্তার আশ্বাস দিয়েছে পুলিশ।
অন্যদিকে মুর্শিদাবাদ জেলারই নওদা বিধানসভার শিবনগরে ভোটকেন্দ্রের কাছেই বোমাবাজির খবর এসেছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টির বিরুদ্ধে। স্থানীয় সংবাদমাধ্যমকে দু’পক্ষের মধ্যে বিশৃ্ঙখলার ঘটনা নিশ্চিত করেছেন হুমায়ুন কবীর নিজেই।
মালদা জেলার মোথাবাড়িতে ইভিএম মেশিনে সমস্যার জেরে প্রায় সাড়ে ৮টা পর্যন্ত বন্ধ ছিল ভোটগ্রহণ। পরে সেক্টর অফিসার কেন্দ্রে এলে তার বিরুদ্ধে কর্তব্যে দেরির অভিযোগ তোলেন স্থানীয়রা। তাকে ঘিরে দেখানো হয় বিক্ষোভও।
নির্বাচন কমিশন সূত্রে খবর, সমস্যা মিটিয়ে নিয়ে শুরু হয়েছে ভোটগ্রহণ।
প্রথম দফায় যেসব জেলায় ভোট হচ্ছে সেগুলো হলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান।
প্রথম দফার ১৫২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১ হাজার ৪৭৮ জন প্রার্থী। জমা পড়া মনোনয়নপত্রের সংখ্যা ছিল ১ হাজার ৫২৫টি। কোচবিহার দক্ষিণ ও ইটাহার আসনে সর্বোচ্চ ১৫ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল। ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে ৪ মে।
সূত্র : বিবিসি ও অন্যান্য



