গত ১৯ দিন ধরে দিল্লিতে অনশনতরত ভারতের শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি হাইকোর্ট। সরকারকে অবিলম্বে তার স্বাস্থ্যের দিকে নজর দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
ডাক্তারি পড়ার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁস এবং তার জেরে কয়েকজন ছাত্রছাত্রীর আত্মহত্যার ঘটনা নিয়ে আন্দোলন চালাচ্ছে ককরোচ জনতা পার্টি। দলটির দাবি, সারাদেশে অন্তত ২০ জন পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানাচ্ছেন।
ওই দাবিতেই ১৯ দিন ধরে অনশন করছেন সোনাম ওয়াংচুক।
ওয়াংচুকের স্বাস্থ্য সুরক্ষার জন্য জরুরি হস্তক্ষেপ চেয়ে করা একটি জনস্বার্থ মামলার (পিআইএল) শুনানির সময়ে প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার ডিভিশন বেঞ্চ তার নিয়মিত শারীরিক পরীক্ষার নির্দেশ দিয়েছেন।
আদালত জানিয়েছেন সরকারি চিকিৎসক দ্বারা নিয়মিত তার শারীরিক পরীক্ষা করাতে হবে। দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষেণ- দেশের প্রতিটি নাগরিকের জীবন মূল্যবান। তার সুরক্ষার দায়িত্ব সরকারের।
সোনাম ওয়াংচুকের অনশনের ১৯তম দিনে চিকিৎসক জানিয়েছেন তার ওজন নয় কেজির বেশি কমেছে। সুগার লেভেলও স্বাভাবিকের থেকে কম।
বৃহস্পতিবার সকালে দিল্লি মেডিক্যাল রেজিস্ট্রেশনের সচিব ডা: সতীশ লাম্বা ওয়াংচুককে পরীক্ষা করে জানান, তার শারীরিক অবস্থা নিয়ে যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে। তার উচ্চ ইউরিক অ্যাসিডের কারণে পেশীর ক্ষয় এবং অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি হতে পারে, তাই তাকে ২৪ ঘণ্টা নজরদারিতে রাখার প্রয়োজন রয়েছে।
আগামী ২০ জুলাই ভারতের সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছেন সোনম ওয়াংচুক। বিবিসি বাংলা



