শান্তিকালীন অবস্থানে সেনা ফিরিয়ে নিতে সম্মত ভারত-পাকিস্তান

ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির অংশ হিসেবে নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবার দুই দেশের সেনাবাহিনীকে শান্তিকালীন অবস্থানে ফিরিয়ে আনতে সম্মত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ভারত-পাকিস্তানের পতাকা
ভারত-পাকিস্তানের পতাকা |সংগৃহীত

দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তান তাদের নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর দুই দেশের সেনাবাহিনীকে শান্তিকালীন অবস্থানে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। আগামী ৩০ মে’র মধ্যে তাদের সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন বিষয়টির সাথে সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তারা।

মঙ্গলবার (২০ মে) নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র পাকিস্তানি সংবাদমাধ্যম নিউজ ইন্টারন্যাশনালকে জানিয়েছে, উভয় দেশের সামরিক নেতৃত্ব, বিশেষ করে দুই দেশের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারের জন্য সক্রিয়ভাবে সমন্বয় করছেন।

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর দুই দেশের সেনাবাহিনীকে শান্তিকালীন অবস্থানে ফিলিয়ে আনার বিষয়টিকে পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কর্মকর্তারা উত্তেজনা হ্রাসকে ‘আস্থা তৈরির পদক্ষেপের ধারাবাহিকতা’ হিসেবে অভিহিত করেছেন।

একজন ঊর্ধ্বতন সরকারি সূত্র জানিয়েছে, ‘স্বাভাবিক সামরিক অবস্থানে ফিরে আসা যুদ্ধবিরতি কাঠামোর দ্বিতীয় পর্যায়ের অংশ।’

সূত্রটি আরো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া সহজ হয়েছে।

ভারত অধিকৃত কাশ্মিরের পেহেলগাম হামলাকে কেন্দ্র করে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বশেষ উত্তেজনা শুরু হয় গত ৭ মে। সেদিন পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ বেশ কয়েকটি এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৩১ বেসামরিক নাগরিককে হত্যা করে। পাল্টা জবাব দেয় পাকিস্তানও। এ সময় উভয় দেশের সেনাবাহিনী তাদের স্বাভাবিক অবস্থান থেকে সরে এসে সীমান্তে অবস্থান নেয়। তবে শান্তিকালীন অবস্থানে ফিরে যাওয়ার বর্তমান পরিকল্পনা আঞ্চলিক স্থিতিশীলতার দিকে আংশিক প্রত্যাবর্তনের ইঙ্গিত দেয়।

পাকিস্তান বা ভারত সরকার কেউই আনুষ্ঠানিকভাবে সেনা চলাচলের বিষয়ে মন্তব্য করেনি তবে উত্তেজনা কমাতে দুই দেশের ডিজিএমওদের মধ্যে সমন্বয় সরাসরি সামরিক সম্পৃক্ততার একটি বিরল উদাহরণ নির্দেশ করে।