ভারতীয় আমের বিশাল চালান ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র

গোটা ঘটনায় ক্ষতিগ্রস্ত দেশের আম ব্যবসায়ীদের অভিযোগ করছেন, শুধুমাত্র সংশ্লিষ্ট দফতরের কাগজপত্রের ভুলে এত বড় ক্ষতি হলো তাদের। ব্যবসায়ীরা ক্ষতিপূরণ পাবেন? এখনো উত্তর মেলেনি।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প |সংবাদ প্রতিদিন

ভারতীয় আমের বিশাল চালান ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে মোটা অঙ্কের ক্ষতির মুখে পড়েছেন রফতানিকারক ব্যবসায়ীরা। প্রশ্ন হলো, আচমকা আম ফিরিয়ে দিলো কেন মার্কিন প্রশাসন?

ফিনানসিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসে লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, আটলান্টার মতো মার্কিন বিভিন্ন বিমানবন্দরে ভারতের পাঠানো অন্তত ১৫টি আমের ‘শিপমেন্ট’ বাতিল করে দেয়া হয়েছে। এর ফলে ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি ২৭ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হতে চলেছে ভারতের আম ব্যবসায়ীদের। সবচেয়ে বড় কথা, বিপুল পরিমাণ আম দেশে ফিরিয়ে আনতে প্রচুর মাশুল গুনতে হবে তাদের। এই অবস্থায় আমগুলোকে আমেরিকাতেই ফেলে আসার কথা ভাবছেন রফতানিকারকরা। কিন্তু এমন পরিস্থিতি তৈরি হলো কেন? ভুল কার?

সূত্রটি আরো জানিয়েছে, গত ৮ ও ৯ মে নবি মুম্বইতে নির্দিষ্ট দফতরে রফতানির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। যদিও মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা বিভাগ জানিয়ে দেয়, রফতানিসংক্রান্ত কাগজপত্র ঠিক নেই। সেই কারণেই এই বিপুল পরিমাণ আম ফিরিয়ে দিয়েছে আমেরিকা।

তাদের বক্তব্য, হয় নতুন করে রফতানির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অথবা এ যাত্রায় ওই বিপুল পরিমাণ আম নষ্ট করে দিতে হবে। গোটা ঘটনায় ক্ষতিগ্রস্ত দেশের আম ব্যবসায়ীদের অভিযোগ করছেন, শুধুমাত্র সংশ্লিষ্ট দফতরের কাগজপত্রের ভুলে এত বড় ক্ষতি হলো তাদের। ব্যবসায়ীরা ক্ষতিপূরণ পাবেন? এখনো উত্তর মেলেনি।

সূত্র : সংবাদ প্রতিদিন