ভারত ও ইসরাইল মঙ্গলবার একটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে উন্নত সামরিক প্রযুক্তি বিনিময়, অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উন্নয়ন ও উৎপাদন আরো গতিশীল হবে। যা তাদের ইতোমধ্যেই শক্তিশালী কৌশলগত সম্পর্ককে আরো জোরদার করবে।
ইসরাইলের রাজধানী তেল আবিবে ভারত-ইসরাইল জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকের পর এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘দুই দেশের শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতা আরো গভীর করার জন্য একটি ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি ও নীতিগত দিকনির্দেশনা প্রদানের জন্য’ প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এতে বলা হয়, ভারত-ইসরাইল প্রতিরক্ষা অংশীদারিত্ব বহুদিনের, যা গড়ে উঠেছে পারস্পরিক আস্থা ও অভিন্ন নিরাপত্তা স্বার্থের ভিত্তিতে। সমঝোতা স্মারকে সহযোগিতার জন্য বিস্তৃত ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে যা উভয় দেশকেই উপকৃত করবে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে পারস্পরিক স্বার্থের কৌশলগত সংলাপ, প্রশিক্ষণ, প্রতিরক্ষা শিল্প সহযোগিতা, এবং বিজ্ঞান ও প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা সহযোগিতা। এই সমঝোতা স্মারক উন্নত প্রযুক্তি বিনিময় করতে সক্ষম হবে এবং সহউন্নয়ন ও সহউৎপাদনকে উৎসাহিত করবে।’
সূত্র : দ্য ইকোনমিক টাইমস



