পশ্চিমবঙ্গের জনপ্রিয় হিন্দু-তীর্থক্ষেত্র বীরভূম জেলার তারাপীঠে একটি হোটেলে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। অগ্নি-সুরক্ষা ব্যবস্থায় গাফিলতির অভিযোগে ওই হোটেলের মালিক কল্যাণ পালকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একাধিক মানুষ। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
দমকল সূত্রে জানা গেছে, বিদ্যুতের লাইনে শর্ট সার্কিটের জেরে এই আগুন লেগেছে।
স্থানীয়রা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সামনের দিকের দরজার কাছে আগুন লাগে। কিন্তু পেছনের দিকের দরজাটি বন্ধ ছিল।
অবশ্য মালিকপক্ষ জানিয়েছে, পেছনের দরজাটি খুঁজে পাচ্ছিলেন না ভেতরে আটকে থাকা মানুষজন। ফলে সামনের দিক থেকে বের হতে গিয়ে আগুনের মুখে পড়েন তারা।
হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল না বলে জানানো হয়েছে মালিকের তরফে।
আজ ১৭ আগস্ট বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাসের শেষ সোমবার। হিন্দুধর্মের অনুসারীদের কাছে এই দিনটি পবিত্র। ওই হোটেলে যারা ছিলেন তাদের অনেকেই পুণ্যার্থী বলে জানা গিয়েছে।
সূত্র: বিবিসি



