ভারত-যুক্তরাষ্ট্র ষষ্ঠ দফার বাণিজ্য চুক্তি বাতিল হতে পারে। আগামী ২৫ থেকে ২৯ আগস্টে পর্যন্ত ভারত সফর করার কথা থাকলেও সেটি বাতিল করতে পারে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল।
সংবাদ সংস্থা রয়টার্স-এর সূত্র অনুযায়ী, দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি বিলম্বিত হতে পারে। যদিও সংবাদ সংস্থা এই খবর যাচাই করেনি। ‘এনডি টিভি প্রফিটে’ প্রকাশিত খবরকে সূত্র হিসেবে উল্লেখ করেছে রয়টার্স। আশঙ্কা করা হচ্ছে, বাণিজ্য বৈঠক বিলম্বিত হলে আগামী ২৭ আগস্ট থেকেই ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক ধার্য করতে পারে ট্রাম্প প্রশাসন। আগেই ভারতের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিল আমেরিকা। রাশিয়া থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসেবে অতিরিক্ত ২৫ শতাংশ কর চাপানোর কথাও ঘোষণা করেছিল আমেরিকা।
রাশিয়া-ইউক্রেন চুক্তি নিয়ে বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে ভারত। তাই এখনই অতিরিক্ত করের কথা আর ভাবা হচ্ছে না। তার দাবি, আগে রাশিয়ার তেলের প্রায় ৪০ শতাংশ কিনে নিতো ভারত।
তবে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’র প্রতিবেদনে দাবি করা হয়েছিল, এখনো ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো পুতিনের দেশ থেকে প্রতিদিন ২০ লাখ ব্যারল তেল আমদানি করছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা



