ভারতের নিরাপত্তা বাহিনী থেকে পাকিস্তানের চর সন্দেহে গ্রেফতার জওয়ান

চলতি মাসে এ পর্যন্ত পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট এবং উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ‘পাক গুপ্তচরবৃত্তি’তে জড়িত অভিযোগে অন্তত ১৯ জনকে গ্রেফতার

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তি অভিযোগে গ্রেফতার অভিযান চালাচ্ছে ভারত
পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তি অভিযোগে গ্রেফতার অভিযান চালাচ্ছে ভারত |আনন্দবাজার পত্রিকা

পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে এবার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র জালে ধরা পড়েছেন সিআরপিএফ জওয়ান। তার বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তানি গোয়েন্দাদের কাছে জাতীয় নিরাপত্তাবিষয়ক নানা গোপন ও সংবেদনশীল তথ্য তুলে দিতেন তিনি। টানা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে চাকরি থেকেও।

শুক্রবার গ্রেফতার জওয়ানকে ১৫ দিনের এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন দিল্লির পটীয়ালা হাউস আদালতের বিশেষ এনআইএ বিচারক চন্দরজিৎ সিংহ। অর্থাৎ আপাতত আগামী ৬ জুন পর্যন্ত হেফাজতেই থাকতে হবে তাকে।

ধৃত জওয়ানের নাম মতিরাম জাট। অভিযোগ, ২০২৩ সাল থেকেই নিরাপত্তাবিষয়ক বহু গুরুত্বপূর্ণ তথ্য পাক গোয়েন্দাদের হাতে তুলে দিতেন মতিরাম। এজন্য পাকিস্তানের গোয়েন্দা আধিকারিকদের থেকে মোটা অঙ্কের ‘পারিশ্রমিক’ও পেতেন তিনি। দিল্লি থেকে তাকে গ্রেফতার করে আদালতে হাজির করানো হয়। আদালতের পর্যবেক্ষণ, ‘মতিরামের বিরুদ্ধে এমন অভিযোগ শুধুমাত্র দেশের নিরাপত্তা জন্যই নয়, বরং ভারতে আসা বিদেশী পর্যটক এবং সাধারণ নাগরিকদের জীবনের নিরাপত্তাতেও গভীর প্রভাব ফেলতে পারে। সশস্ত্র বাহিনী দেশের অন্যতম স্তম্ভ। তাদের বিরুদ্ধে এমন কাজ করার অর্থ দেশের সাথে বিশ্বাসঘাতকতা করা। অবিলম্বে তদন্ত করে কড়া পদক্ষেপ করা উচিত।’

সদ্যবহিষ্কৃত ওই জওয়ানের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক সংশ্লিষ্ট ধারার অধীনে মামলা হয়েছে।

প্রসঙ্গত, চলতি মাসে এ পর্যন্ত পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট এবং উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ‘পাক গুপ্তচরবৃত্তি’তে জড়িত অন্তত ১৯ জনের খোঁজ পেয়েছে পুলিশ। তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মলহোত্রাও।

সূত্র : আনন্দবাজার পত্রিকা