নেপাল ও চীন সীমান্তে আঘাত হানা ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৪০০ জনে দাঁড়িয়েছে এবং পাঁচ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
নেপাল ও চীনের সরকারি হিসাব অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ৮৪৮ জন বিদেশী নাগরিক।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যমতে, দেশটির বন্যাদুর্গত জেলাগুলো থেকে এক হাজার ৩৫৭টি লাশ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৫৮৭ বিদেশী নাগরিকসহ মোট পাঁচ হাজার ৩২৬ জন এখনো নিখোঁজ রয়েছেন।
এখন পর্যন্ত ১৩ হাজার ৫০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
এদিকে, চীনের তিব্বত অঞ্চলে ভূমিধসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে এবং সেখানে এখনো ৫১৯ জন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার নেপালের জন্য জরুরি ত্রাণসামগ্রীর চতুর্থ চালান পাঠিয়েছে চীন।
বেইজিংয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, যৌথভাবে বর্তমান সঙ্কট কাটিয়ে উঠতে চীন দৃঢ়ভাবে নেপালের পাশে থাকবে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



