দিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সাথে মমতা ব্যানার্জীর দীর্ঘ বৈঠকের পর জল্পনা তৈরি হয়েছিল যে, তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের সাথে মিশিয়ে দেয়ার পরিকল্পনা করছেন মমতা ব্যানার্জী।
রাহুল গান্ধীর সাথে অভিষেক ব্যানার্জীর বৈঠকে সেই জল্পনা আরো তীব্র হয়। তবে ১১ জুন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানিয়েছেন, এরকম কোনো আলোচনাই হয়নি।
তিনি জানান, সোনিয়া গান্ধীর সাথে মমতা ব্যানার্জীর ৪০ বছরের সম্পর্ক। তাদের মধ্যে বিজেপি বিরোধিতার রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পরাজায়ের পরে তৃণমূল কংগ্রেসে ভাঙন দেখা দিচ্ছে। বিদ্রোহ ঘোষণা করছেন একের পর এক বিধায়ক- সংসদ সদস্যরা।
ইতোমধ্যেই ঋতব্রত ব্যানার্জীর নেতৃত্বে বিধানসভায় আলাদা ব্লক তৈরি হয়েছে। লোকসভায় কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ২০ জন সংসদ সদস্য কেন্দ্রের ক্ষমতাসীন জোট এনডিএকে সমর্থন করবেন বলেও দাবি করেছেন।
একে একে রাজ্যসভার সংসদ সদস্যরা পদত্যাগ করছেন। বৃহস্পতিবার সকালে পদত্যাগ করেন প্রকাশচিক বরাইক ও সদ্য এমপি হওয়া অভিনেত্রী কোয়েল মল্লিকও।
এর মধ্যেই মমতা ব্যানার্জীর কংগ্রেসে যোগ দেয়ার জল্পনা তৈরি হয়। বৃহস্পতিবার কংগ্রেসের দলীয় বৈঠকের দিকে সবার নজর ছিল।
যদিও ভেনুগোপাল জানান, ‘এগুলো ভিত্তিহীন গুজব। তৃণমূল ও কংগ্রেস নেতাদের মধ্যে বৈঠকটিতে জাতীয় বিষয়গুলো আরো কার্যকরভাবে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়েছে।’
সূত্র : বিবিসি



