পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী আলি পারভেজ মালিক জানিয়েছেন, ইরান থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইরানের সাথে আমাদের সম্পর্ক ভ্রাতৃত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ প্রতিবেশীসুলভ। আমি বিশ্বাস করি, আমাদের পারস্পরিক সক্ষমতাকে কাজে লাগানো উচিত।’
মন্ত্রী আরো বলেন, বর্তমানে প্রতিদিন ইরান থেকে চার থেকে পাঁচ হাজার টন এলপিজি আমদানি করে পাকিস্তান। এখন এই পরিমাণ আরো বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি জানান, ইরান ও পাকিস্তানের কারিগরি দলগুলোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। পাকিস্তানের জন্য সাশ্রয়ী উপায়ে জ্বালানি চাহিদা ইরানের মাধ্যমে পূরণের চেষ্টা চলছে এবং এ বিষয়ে ইসলামাবাদ সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
সূত্র: পার্সটুডে



