পশ্চিমবঙ্গের সকল স্কুলে বাধ্যতামূলক করা হচ্ছে ‘বন্দে মাতরম’ সঙ্গীতটি। স্কুল শুরুর সময় শিক্ষার্থীদের গাইতে হবে এই গান। বৃহস্পতিবার (১৪ মে) ভারতীয় একটি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইতোমধ্যেই জেলার বিভিন্ন প্রাথমিক স্কুল শিক্ষকদের নিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপে রাজ্যের শিক্ষা দফতরের কর্মকর্তারা এই মর্মে একটি ম্যাসেজ ফরোওয়ার্ড করেছেন। সেখানেই স্কুল শুরুর আগে ‘বন্দে মাতরম’ গান বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। এরপরই স্কুলগুলোতে এই বিষয়ে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, আগামী সোমবার থেকে রাজ্যর সকল সরকারি স্কুলে প্রার্থনা সঙ্গীত হিসেবে ‘বন্দে মাতরম’ চালু হচ্ছে। শিগগিরই এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
এ প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলার স্কুল পরিদর্শক (প্রাথমিক) লক্ষ্মণা গোলে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের একটা হোয়াটসঅ্যাপ ম্যাসেজ দিয়ে বিষয়টি কার্যকর করার নির্দেশ দিয়েছেন।’
তিনি আরো বলেন, এরপরই ওই নির্দেশিকা বিভিন্ন স্কুল শিক্ষকদের গ্রুপে পাঠানো হয়েছে। খুব শিগগিরই এই সংক্রান্ত লিখিত অর্ডার হাতে আসবে। এরপরই স্কুলগুলোতে তা পাঠিয়ে দেয়া হবে।
শিক্ষা দফতরের এমন ঘোষণায় খুশি শিক্ষকদের সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ (এবিআরএসএম)। সংগঠনের তরফ থেকে অসীম দাস বলেন, ‘সাম্প্রদায়িকতার নামে আমাদের এই রাষ্ট্রসঙ্গীত এত দিন স্কুলে বন্ধ করে রাখা হয়েছিল। এই সঙ্গীত আমাদের সংস্কৃতির ধারক-বাহক। আমরা হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছি। এই অবস্থায় স্কুলে স্কুলে এই সঙ্গীত চালু করা অত্যন্ত ভালো উদ্যোগ। আমরা এই কাজের জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।’
অন্যদিকে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘বিকৃত ইতিহাসকে বদলের এটাই সঠিক সময়।’
এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিজেপির এই নেতা জানান, কেন্দ্রের তরফ থেকে এই বিষয়ে নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু তৎকালীন সরকার তা কার্যকর করতে দেয়নি। এখন সঠিক তথ্য তুলে ধরা হবে।’



