ভারতের গুজরাটের আহমেদাবাদের পুলিশ প্রধান বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দুর্ঘটনাকবলিত বিমানের যাত্রীদের মধ্যে কেউই বেঁচে নেই। ইতোমধ্যে ২০৪ জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স, এএফপি ও এপি’র খবরে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে এয়ার ইন্ডিয়া জানায়, বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন। যার মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু।
‘এয়ার ইন্ডিয়া’র যাত্রীবাহী বিমান এআই১৭১ বিমানটি গুজরাটের রাজধানী আহমেদাবাদে ভেঙে পড়ে। বিমানটি আজ বৃহস্পতিবার বেলা ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর ছাড়ে। তার কিছুক্ষণ পরই দুর্ঘটনায় পড়ে।
বোয়িং সংস্থার ৭৮৭-৮ বিমানটিতে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে ১৬৯ জন ভারতীয় নাগরিক ছিলেন। এছাড়া, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান এবং সাতজন পর্তুগিজ নাগরিক দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে ছিলেন।
উড়োযানটি একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। যার ধারণক্ষমতা ২৫৬ জন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এয়ার ইন্ডিয়ার ভেরিফায়েড আইডি থেকে এক পোস্টে বলা হয়েছে, আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে যাওয়ার কথা ছিল বিমানটির।
৬২৫ ফিট উচ্চতায় বিমানটির সিগন্যাল বিচ্ছিন্ন হয়। উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিমান চলাচল পর্যবেক্ষণ সংক্রান্ত ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্যমতে, রানওয়ে থেকে ওঠার কয়েক সেকেন্ডের মধ্যে ৬২৫ ফিট উচ্চতায় বিমানের সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায়।
বিধ্বস্ত হয়ে বিমানবন্দরের বাইরের দিকে একটি বড় ভবন সংলগ্ন এলাকায় ভেঙে পড়ে বিমানটি এবং দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।



