শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গার পর সেনা মোতায়েন

শ্রীলঙ্কার একটি কারাগারে দাঙ্গার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার (২ আগস্ট) কয়েক শত সেনাসদস্য ও এলিট কমান্ডো মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় একজন বন্দী নিহত এবং আরো ছয়জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
শ্রীলঙ্কার সেনাবাহিনী
শ্রীলঙ্কার সেনাবাহিনী |সংগৃহীত

শ্রীলঙ্কার একটি অতিরিক্ত বন্দীভর্তি কারাগারে দাঙ্গার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার (২ আগস্ট) কয়েক শত সেনাসদস্য ও এলিট কমান্ডো মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় একজন বন্দী নিহত এবং আরো ছয়জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের উপ-মহাপরিদর্শক সঞ্জীবা মেদাওয়াত্তে বলেন, রাজধানী কলম্বোর উপকণ্ঠে অবস্থিত মাহারা কারাগারের ভেতরে শনিবার বন্দীরা একাধিক ভবন ভাঙচুর করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কারাগারের বাইরে তিনি সাংবাদিকদের বলেন, ‘শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং বন্দীদের নিজ নিজ সেলে পাঠাতে আমরা সশস্ত্র বাহিনী ও স্পেশাল টাস্ক ফোর্সের কমান্ডোদের সহায়তা নিয়েছি।’

২০২০ সালের নভেম্বরে একই কারাগারে দাঙ্গার ঘটনায় গুলিতে ১১ বন্দী নিহত এবং প্রায় ১২০ জন আহত হন।

সর্বশেষ এই অস্থিরতার প্রায় এক মাস আগে একই অঞ্চলের আরেকটি কারাগারে দাঙ্গায় ১০ জন কারারক্ষী এবং ২১ জন বন্দী নিহত হন।

মেদাওয়াত্তে বলেন, মাহারা কারাগারের বন্দীরা রান্নাঘর, হাসপাতাল, নবনির্মিত পুনর্বাসন ভবন এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।

চার হাজার ১০০ বন্দী থাকা এই কারাগারের ধারণক্ষমতা এর প্রায় চার গুণ কম। দেশটির বেশিভাগ কারাগারেই একই ধরনের অতিরিক্ত বন্দীর চাপ রয়েছে।

গত মাসে কর্তৃপক্ষ পরিত্যক্ত সরকারি ভবনগুলোকে কারাগারে রূপান্তরের পরিকল্পনার ঘোষণা দেয়।

শ্রীলঙ্কার কারাগারগুলোতে থাকা বন্দীদের তিন-চতুর্থাংশেরও বেশি বিচারাধীন। তাদের বেশিভাগই মাদক-সংশ্লিষ্ট মামলায় আটক।

সূত্র: বাসস