মাওলানা আরশাদ মাদানি

ভারতীয় মুসলমানদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মাওলানা আরশাদ মাদানি

বিতর্কিত ‘বুলডোজার অভিযান’ প্রসঙ্গেও সমালোচনা করেন জমিয়ত সভাপতি। তিনি বলেন, কোনো ব্যক্তি অপরাধে অভিযুক্ত হলে তার বিচার আদালতের মাধ্যমে হওয়া উচিত। বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ আইনের শাসনের পরিপন্থী।

নয়া দিগন্ত অনলাইন
মাওলানা আরশাদ মাদানি
মাওলানা আরশাদ মাদানি |ফাইল ছবি

ভারতীয় মুসলমানদের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির বরেণ্য আলেম ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি। তিনি দাবি করেছেন, ভারতে মুসলমানদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে।

বৃহস্পতিবার (২৫ জুন) নয়াদিল্লিতে জমিয়তে উলামায়ে হিন্দের কার্যনির্বাহী পরিষদের (মজলিসে আমেলা) বৈঠক শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ দাবি করেন।

এ সময় তিনি বলেন, দেশে ঘৃণা, বৈষম্য ও অবিচারের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ঘটনার পর্যালোচনায় মনে হচ্ছে, দেশে যেন এক ধরনের ‘অঘোষিত জরুরি অবস্থা’ কার্যকর রয়েছে। এ ধরনের পরিস্থিতি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক কাঠামোর জন্য উদ্বেগজনক।

তিনি বলেন, এতে দেশে সংবিধান ও গণতন্ত্রের মূল চেতনা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের জন্য পরিস্থিতি প্রতিনিয়ত কঠিন হয়ে উঠছে।

তিনি অভিযোগ করেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে এবং আইন ও ন্যায়বিচারের ক্ষেত্রে সমতার নীতি ক্ষুণ্ন হচ্ছে। দেশের শান্তি, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে সকল নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিতর্কিত ‘বুলডোজার অভিযান’ প্রসঙ্গেও সমালোচনা করেন জমিয়ত সভাপতি। তিনি বলেন, কোনো ব্যক্তি অপরাধে অভিযুক্ত হলে তার বিচার আদালতের মাধ্যমে হওয়া উচিত। বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ আইনের শাসনের পরিপন্থী।

তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগের স্বাধীনতা, নাগরিক অধিকার এবং আইনের শাসন সমুন্নত রাখা অত্যন্ত জরুরি। তিনি দেশের সার্বিক পরিস্থিতি উন্নয়নে সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় দেশের সাম্প্রতিক পরিস্থিতি, সংখ্যালঘুদের অধিকার, শিক্ষা, সামাজিক সম্প্রীতি এবং বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে। সূত্র: মিল্লাত টাইমস