ভারতের দিল্লির রাজপথে মঙ্গলবার পুলিশের সাথে কার্যত খণ্ডযুদ্ধ হয়েছে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের। পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে। প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে পুলিশ বেপরোয়া লাঠি চালিয়েছে এবং কাঁদানে গ্যাস ছুঁড়েছে বলেছে অভিযোগ। আর তারই আঘাতে শতাধিক ছাত্রছাত্রী আহত হয়েছে বলে সিজেপির তরফে দাবি করা হয়েছে।
আহতদের মধ্যে এক ছাত্রীর শারীরিক অবস্থা সঙ্কটজনক। দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে আইসিইউতে ভর্তি ওই ছাত্রী। ছাত্রীর পরিবারের সাথে গণমাধ্যম যোগাযোগ করেছিল। তারা ছাত্রীর এবং তাদের নাম প্রকাশ করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন।
তারা জানিয়েছেন, চিকিৎসকেরা বলেছেন, ওই ছাত্রীর শারীরিক অবস্থা সঙ্কটজনক এবং প্রয়োজনে তাকে ভেন্টিলেটরে স্থানান্তরিত করতে হতে পারে।
এদিকে মঙ্গলবার পুলিশের আচরণের প্রতিবাদে মঙ্গলবার নরেন্দ্র মোদির বাসভবনের সামনে প্রতিবাদে বসেছিলেন পার্লামেন্টে বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার সাথে প্রিয়ঙ্কা গান্ধীসহ একাধিক কংগ্রেস নেতা ছিলেন। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। রাত ৯টার পরে তাদের থানা থেকে ছাড়া হয়।
এদিকে রাহুল গান্ধীর এই প্রতিবাদ নিয়ে মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার ইস্তফা চেয়েই আন্দোলন করছেন সিজেপি। এর আগে আন্দোলনকারীদের দেশদ্রোহী বলে সম্বোধন করেছিলেন তিনি। মঙ্গলবার তিনি বলেছেন, ছাত্রদের ব্যবহার করে কিছু কিছু রাজনৈতিক দল রাজনীতিতে ফায়দা তোলার চেষ্টা করছে।
সূত্র : ডয়চে ভেলে



