আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের নিরাপত্তারক্ষীদের পরিচালিত এক অভিযানে ৩৩ জন নিহত হয়েছেন। শুক্রবার হতাহতের এই ঘটনা ঘটে।
নিহতদেরকে ‘উগ্রবাদী গোষ্ঠির সদস্য’ বলে দাবি করে পাকিস্তানের সেনাবাহিনী জানায়, তারা সীমান্তে অতিক্রম করে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করছিল। ‘উগ্রবাদীরা ভারতের সমর্থনপুষ্ট’ বলেও দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। যদিও এই দাবির স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি সেনাবাহিনী।
দেশটির বালোচিস্তান প্রদেশের জোব জেলায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকে সফল বলে সেনাবাহিনীর প্রশংসা করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
উল্লেখ্য, পাকিস্তানি তালেবান এবং বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে নয়া দিল্লি, দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ করছে পাকিস্তান। তাছাড়া সীমান্তে ‘উগ্রবাদী কার্যক্রমের’ বিষয়ে আফগানিস্তানের তালেবান সরকার উদাসীন বলেও অভিযোগ ইসলামাবাদের।
তবে এমন অভিযোগ অস্বীকার করছে ভারত ও আফগানিস্তান।
এদিকে শুক্রবার বেলুচিস্তানের প্রাদেশিক সরকার জানায়, আগস্টের শেষ পর্যন্ত এই অঞ্চলে ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।
বিচ্ছিন্নতাবাদি গোষ্ঠীগুলো পাকিস্তানের এই অঞ্চলটিতে বছরের পর বছর ধরেই কার্যক্রম চালিয়ে আসছে। তাছাড়া স্বাধীনতাকামী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি এবং পাকিস্তানি তালেবানও এই অঞ্চলে তৎপর রয়েছে।
সাম্প্রতিক সময়ের বেশিভাগ সহিংস ঘটনাগুলোর সাথে পাকিস্তানি তালেবান জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। পাকিস্তানি তালেবান আফগান তালেবান থেকে ভিন্ন হলেও তাদের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক রয়েছে।



