ভারতের আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেয়া হয়েছে। ‘এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’ সংশ্লিষ্ট দফতরে রিপোর্টটি জমা দেয়।
মঙ্গলবার (৮ জুলাই) একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ওই দুর্ঘটনার কারণ জানতে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার এআই-১৭১ বিমানের ব্ল্যাক বক্সের খোঁজ শুরু হয়েছিল। তা উদ্ধার হওয়ার পরই রিপোর্টটি জমা দেয়া হলো।
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, তদন্তের প্রাথমিক পর্যায়ে সংগৃহীত তথ্যের মূল্যায়ন এবং ফলাফলের ওপর ভিত্তি করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। রিপোর্টটি এই সপ্তাহের শেষে প্রকাশ্যে আনা হতে পারে।
তবে, প্রাথমিক রিপোর্টে ঠিক কী রয়েছে তা জানায়নি এএনআই। কিন্তু ধারণা করা হচ্ছে যে, এটি দুর্ঘটনার কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেবে।
উল্লেখ্য, গত ১২ জুন, মেঘানিনগরের বিজে মেডিক্যাল কলেজের ক্যান্টিনের ওপর ভেঙে পড়ে এআই ১৭১ বিমানটি। নিহতদের তালিকায় রয়েছেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। প্রাণ বেঁচেছে বিমানে থাকা মাত্র একজনের।



