শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় ৬ জনের মৃত্যু

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। ভূমিধসের কারণে বেশ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া পার্বত্য জেলাগুলোর স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা |সংগৃহীত

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

আদা দেরানা সংবাদমাধ্যম জানায়, এই তীব্র আবহাওয়া সাবারাগামুয়া প্রদেশ এবং ক্যান্ডি ও নুয়ারা এলিয়া জেলাকে প্রভাবিত করেছে। নিখোঁজ ব্যক্তিটি বন্যার পানিতে ভেসে গেছেন।

ভূমিধসের কারণে বেশ কয়েকটি এলাকায় লাল স্তরের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উপকূলীয় পানিসীমায় প্রবল বাতাস ও উত্তাল সমুদ্রের জন্য জারি করা লাল সতর্কতা অব্যাহত ছিল।

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্যমতে, উত্তর-মধ্য, উত্তর-পশ্চিম, সাবারাগামুয়া, মধ্য ও দক্ষিণ প্রদেশ এবং ত্রিনকোমালি জেলার বাসিন্দাদের প্রবল বাতাসের বিষয়ে সতর্ক করা হয়েছে।

তীব্র আবহাওয়ার কারণে ক্যান্ডি ও নুয়ারা এলিয়ার পার্বত্য জেলাগুলোর স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য ক্ষতিগ্রস্ত এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি