কাশ্মির নিয়ে কখনোই আপস করব না : পাকিস্তানের সেনাপ্রধান

পাকিস্তানের সেনাপ্রধান বলেন, কাশ্মির কোনো দ্বিপক্ষীয় নয় বরং একটি আন্তর্জাতিক ইস্যু। বহু দশকের চেষ্টার পরও ভারত সেটিকে চাপা দিতে ব্যর্থ হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির |সংগৃহীত

কাশ্মির নিয়ে পাকিস্তান কখনোই আপস করবে না বলে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।

এমনকি কাশ্মির নিয়ে কোনো রকম চুক্তিও সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (৩০ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে ‘হিলাল টকস’ অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ ও শিক্ষকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘ভারতের বোঝা উচিত কাশ্মির কখনোই পাকিস্তানের অগ্রাধিকার থেকে সরে যাবে না। কাশ্মির নিয়ে কোনো রকম চুক্তিও সম্ভব নয়। আমরা এ ইস্যু ভুলে যাব না।’

পাকিস্তানের সেনাপ্রধান বলেন, কাশ্মির কোনো দ্বিপক্ষীয় নয় বরং একটি আন্তর্জাতিক ইস্যু। বহু দশকের চেষ্টার পরও ভারত সেটিকে চাপা দিতে ব্যর্থ হয়েছে।

আসিম মুনির ভারতের অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলোর জন্য, যার মধ্যে ক্রমবর্ধমান উগ্রবাদও রয়েছে, তার নিজস্ব নীতি, সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান নিপীড়ন, বিশেষ করে মুসলমানদের উপর ক্রমবর্ধমান নির্যাতনকে দায়ী করেন। তিনি বলেন, ‘ভারতের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ বাড়ার জন্য দেশটির নিজস্ব নীতিই দায়ী, বিশেষ করে মুসলিমসহ সংখ্যালঘুদের ওপর দমনপীড়ন।’

বেলুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘সেখানে যারা উগ্রবাদী কার্যক্রম চালাচ্ছে, তারা বেলুচিস্তানের জনগণের প্রতিনিধি নয়। বরং তারা ভারতের মদদপুষ্ট। বেলুচিস্তানের জনগণের সাথে এসব উগ্রবাদীদের সম্পর্ক নেই। ওরা ভারতের স্বার্থে কাজ করছে।’