আবারো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

এটি হবে পাল্টা সফর। এর আগে, জুলাইয়ের শেষের দিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলা পাকিস্তান সফর করেছিলেন।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির |সংগৃহীত

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আবারো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। চলতি সপ্তাহেই তিনি তার সমমর্যাদার মার্কিন কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন বলে আশা করা হচ্ছে। এর আগে জুন মাসেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে দেশটিতে সফর করেছিলেন তিনি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

একাধিক সূত্র জানিয়েছে, এটি হবে পাল্টা সফর। এর আগে, জুলাইয়ের শেষের দিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলা পাকিস্তান সফর করেছিলেন।

৪ আগস্ট প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, জেনারেল কুরিলা সম্প্রতি পাকিস্তান ও এই অঞ্চলের অন্যান্য দেশ সফর করেছিলেন। সেই সফরে পাকিস্তান সরকার তাকে ‘নিশান-ই-ইমতিয়াজ (সামরিক)’ খেতাবে ভূষিত করে।

এর আগে, গত জুনে আসিম মুনির ওয়াশিংটন সফর করেছিলেন। সে সময় হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন। এটি ছিল একজন মার্কিন প্রেসিডেন্টের প্রথম পাকিস্তানের কোনো সেনাপ্রধানের সম্মানে ভোজের আয়োজন। যা সাধারণত রাষ্ট্র বা সরকার প্রধানদের সাথে দেখা করার জন্যই আয়োজন করা হয়।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) বা ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের পক্ষ থেকে এই সফর সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। যদিও আগের সফরের সময়ই আসিম মুনির ইঙ্গিত দিয়েছিলেন, তিনি বছরের শেষ ভাগে আবার যুক্তরাষ্ট্রে যাবেন।

পাকিস্তানের সেনাপ্রধানের এই সফর এমন এক সময় হচ্ছে যখন গত মাসে কংগ্রেসের এক শুনানিতে জেনারেল কুরিলা পাকিস্তানকে উগ্রবাদবিরোধী অভিযানে ‘চমৎকার অংশীদার’ বলে প্রশংসা করেন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইসলামাবাদের ভূমিকারও প্রশংসা করেন।