নিজেদের অধিকার রক্ষায় ভারতীয় শীর্ষ মুসলিম নেতৃবৃন্দ ও আলেমদের বৈঠক

আজম বেগ জানান, বৈঠকে ১১০টি সংগঠন অংশ নেয়। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ছাড়া প্রায় সব গুরুত্বপূর্ণ মুসলিম নেতা ও সংগঠনের প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন। পাশাপাশি একটি ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়।

নয়া দিগন্ত অনলাইন
বৈঠকে প্রায় সব গুরুত্বপূর্ণ মুসলিম নেতা ও সংগঠনের প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন
বৈঠকে প্রায় সব গুরুত্বপূর্ণ মুসলিম নেতা ও সংগঠনের প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন |সংগৃহীত

ভারতে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা মোকাবেলা এবং আইনি সহায়তা জোরদারের লক্ষ্যে দেশটির শীর্ষস্থানীয় আলেম, মুসলিম নেতা, রাজনীতিবিদ ও সমাজসেবীদের অংশগ্রহণে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) ভারতের রাজধানী নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে ‘ভারতীয় মুসলমানদের বর্তমান পরিস্থিতি নিয়ে জাতীয় পরামর্শ’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে ইন্ডিয়ান মুসলিমস ফর সিভিল রাইটস (আইএমসিআর)। বৈঠকে ৫১ সদস্যের একটি পরামর্শক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংগঠনটির নেতা আজম বেগ জানান, নবগঠিত কমিটি সাম্প্রদায়িক সহিংসতা, গণপিটুনি, মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন আইনি মামলা, মসজিদ ও মাদরাসা ভাঙার অভিযোগ এবং মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয়সহ মুসলিম প্রতিষ্ঠান-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করবে। একইসাথে সংবিধান রক্ষা এবং আইনি উপায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন, বৈঠকে কোনো রাজনৈতিক আন্দোলনের সিদ্ধান্ত হয়নি। বরং ভুক্তভোগীদের আইনি সহায়তা দেয়া, গণতান্ত্রিক পন্থায় অধিকার আদায় এবং দেশের সব সম্প্রদায়ের সাথে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আজম বেগ জানান, বৈঠকে ১১০টি সংগঠন অংশ নেয়। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ছাড়া প্রায় সব গুরুত্বপূর্ণ মুসলিম নেতা ও সংগঠনের প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন। পাশাপাশি একটি ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়।

বৈঠকে অংশ নেয়া সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়ার (এসডিপিআই) জাতীয় সহ-সভাপতি মুহাম্মদ শফি বলেন, বিভিন্ন রাজ্যে সাম্প্রদায়িক সহিংসতা, গণপিটুনি, মসজিদ ও মাদরাসা উচ্ছেদ, অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের উদ্যোগ, মাদরাসা নিয়ন্ত্রণ এবং মুসলিমদের সাংবিধানিক অধিকার, নিরাপত্তা ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সভায় সংসদ সদস্য ইকরা হাসান, মহিবুল্লাহ নদভি, ইমরান মাসুদ, জিয়াউর রহমান বারক, জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ড. ফারুক আবদুল্লাহ ও মেহবুবা মুফতি, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের ভাইস চেয়ারম্যান মাওলানা ওবায়দুল্লাহ খান আজমী, সুফি নেতা সৈয়দ সরওয়ার চিশতী এবং মহারাষ্ট্রের বিধায়ক আবু আসিম আজমীসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।