ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। সোমবার (২০ জুলাই) নিষেধাজ্ঞা ও ব্যারিকেড উপেক্ষা করে দিল্লিতে জড়ো হওয়া সিজেপির হাজার হাজার সমর্থককে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাদানেগ্যাস ছোড়ে পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্য দিল্লির কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেয়া হয়েছিল।
মেডিক্যাল ভর্তি পরীক্ষা ‘নিট’-এ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই আন্দোলনের ডাক দিয়েছিল সিজেপি।
সংসদের দিকে মিছিল করার সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এ সময় কিছু বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হন।
সিজেপি তার সমর্থকদের ‘শান্ত থাকতে’ বলেছে। দলটি আরো বলেছে, ‘কিছু জায়গায় বাধা পেলেও শান্ত থাকুন এবং শান্তি বজায় রাখুন। আমরা কেবল শান্তি ও ভালোবাসার মাধ্যমেই জয়ী হব।’
এর আগে, রোববার দিল্লি পুলিশ এই পদযাত্রার অনুমতি বাতিল করেছিল এবং পুরো এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির যে কোনো ধরনের জমায়েতের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে পুলিশ বলেছে, অনুমোদিত যন্তর মন্তর এলাকা ছাড়া কোথাও মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভ সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ব্যক্তি এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
দেশের সব নাগরিককে আইন মেনে চলতে ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আহ্বান জানিয়েছে দিল্লি পুলিশ।
সূত্র: এনডিটিভি



