কর্ণাটক মন্ত্রিসভায় একমাত্র মুসলিম প্রতিনিধি খাদের

‘সম্প্রীতির দূত’ হিসেবে পরিচিত ইউটি খাদের সকল জাতি-ধর্মের মানুষের কাছেই জনপ্রিয়।

নয়া দিগন্ত অনলাইন
প্রবীণ কংগ্রেস নেতা ও ম্যাঙ্গালোরের বিধায়ক ইউটি খাদের
প্রবীণ কংগ্রেস নেতা ও ম্যাঙ্গালোরের বিধায়ক ইউটি খাদের |সংগৃহীত

ভারতের কর্ণাটকের ১৮তম মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার শপথ নিয়েছেন ডিকে শিবকুমার। তার সাথে শপথ নিয়েছেন আরো ১৩ জন মন্ত্রী। সেই তালিকায় রয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা ও ম্যাঙ্গালোরের বিধায়ক ইউটি খাদের। কর্ণাটকের নতুন মন্ত্রীসভায় তিনিই একমাত্র মুসলিম প্রতিনিধি।

এদিন কর্ণাটকের লোক ভবনে মন্ত্রী হিসেবে শপথ নেন খাদের। এর আগে তিনি ছিলেন কর্ণাটক বিধানসভার স্পিকার। নিয়ম মেনেই স্পিকার পদ থেকে ইস্তফা দেয়ার পর খাদের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

মন্ত্রী পদের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইউ টি খাদের বলেন, আমি কোনো দফতর দাবি করিনি। তবে আমি স্বাস্থ্য দফতর অথবা আবাসন দফতর পেতে চাই। নেতারা যে কোনো দায়িত্ব দিলে আমি তা পালন করব।

উল্লেখ্য, তিন বছর ধরে কর্ণাটক বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন খাদের। স্পিকার হিসেবে তার তিন বছরের কার্যকালে সহযোগিতার জন্য রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলটকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

‘সম্প্রীতির দূত’ হিসেবে পরিচিত ইউটি খাদের সকল জাতি-ধর্মের মানুষের কাছেই জনপ্রিয়। ১৯৬৯ সালের ১২ অক্টোবর উপ্পালার থুরথিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন খাদের। তিনি উল্লাল কেন্দ্রের সাবেক কংগ্রেস বিধায়ক মরহুম হাজী ইউটি ফরিদের পুত্র। কংগ্রেসের টিকিটে উল্লাল বিধানসভা কেন্দ্র থেকে চারবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ফরিদ। তিনি চারবারই বিধায়ক নির্বাচিত হন।

বিএ এবং এলএলবি নিয়ে পড়াশোনা করেছেন ইউটি খাদের। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত। এর পাশাপাশি সমাজসেবার কাজেও নিজেকে নিযুক্ত করে। ১৯৯২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত এনএসইউআই দক্ষিণ কন্নড় জেলা ইউনিটের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে ১৯৯৪ থেকে ২০০০ সাল পর্যন্ত এনএসইউআই জেলা সভাপতি, ২০০০ থেকে ২০০১ সাল পর্যন্ত এনএসইউআই রাজ্য সহ-সভাপতি, ২০০১ সালে উল্লালা যুব কংগ্রেসের সভাপতি এবং ২০০২ সালে সর্বভারতীয় কংগ্রেস সেবা দলের প্রশিক্ষক ছিলেন। এ ছাড়াও তিনি কর্ণাটক রাজ্য কংগ্রেসের সম্পাদক, রাজ্য সেবা দলের অতিরিক্ত প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। অল্প বয়সেই আরো অসংখ্য দায়িত্ব গ্রহণ করেন।