দিল্লিতে ধসে পড়েছে ভবন : ধ্বংসস্তুপের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা

ঘটনাস্থলে যাওয়া বিজেপির বিধায়ক অনিল শর্মা জানিয়েছেন, ধ্বংসস্তুপের ভেতর থেকে কিছু শিক্ষার্থী এখনো ফোন করছে এবং মনে হচ্ছে আরো কিছু মানুষ ভেতরে আটকা পড়ে আছেন।

নয়া দিগন্ত অনলাইন
উদ্ধার তৎপরতা শুরু হয়েছে
উদ্ধার তৎপরতা শুরু হয়েছে |সংগৃহীত

ভারতের দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ভবন ধসে পড়েছে। এই ভবনটিতে শিক্ষার্থীদের পিজি বা পেয়িং গেস্ট হিসেবে থাকার ব্যবস্থা ছিল।

মতিবাগ-২ এলাকার একটি শিব মন্দিরের কাছে এই দুর্ঘটনা ঘটে।

ভবনটির ধ্বংসস্তুপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনাস্থলে যাওয়া বিজেপির বিধায়ক অনিল শর্মা জানিয়েছেন, ধ্বংসস্তুপের ভেতর থেকে কিছু শিক্ষার্থী এখনো ফোন করছে এবং মনে হচ্ছে আরো কিছু মানুষ ভেতরে আটকা পড়ে আছেন।’

সাংবাদিকদের তিনি বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা পড়াশোনার জন্য এখানে এসে এই ভবনের পিজিগুলোতে থাকত। ভবনটি ধসে পড়েছে। ভবনটির ধ্বংসস্তুপের ভেতরে পাঁচ, দশ নাকি বিশজন শিক্ষার্থী রয়েছেন সেটি বলা মুশকিল। কিন্তু এটা নিশ্চিত, শিক্ষার্থীরা ভেতরে আটকা পড়ে আছে। উদ্ধার কার্যক্রম চলছে।’

এখন পর্যন্ত দুইজন ছাত্রকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন অনিল শর্মা।

সংবাদ সংস্থা এএনআইর তথ্য অনুযায়ী, দুপুর প্রায় দেড়টার দিকে দিল্লির ফায়ার ডিপার্টমেন্ট এই ভবন ধসে পড়ার খবরটি পেয়েছে।

এই খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করে।

বর্তমানে ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে।

এই দুর্ঘটনায় কতজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন সে বিষয়ে সরকারিভাবে এখনো কোনো তথ্য জানানো হয়নি।

সূত্র : বিবিসি