পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে স্থল অভিযান ও বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এতে ২৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রোববার (২৮ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, দেশজুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর একাধিক হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে।
পূর্ব আফগানিস্তানের তিনটি প্রদেশ পাক্তিয়া, পাক্তিকা ও কুনারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সুনির্দিষ্ট হামলায় সেখানকার তিনটি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।’
তবে আফগানিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
কর্তৃপক্ষ এই সহিংসতার জন্য তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং তাদের সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে।
গত বছর থেকে পাকিস্তান সীমান্তে এবং আফগানিস্তানের অভ্যন্তরে তালেবান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর কথিত আস্তানা লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে পাকিস্তান।
পাকিস্তান আফগানিস্তানের তালেবান সরকারকে, বিশেষ করে পাকিস্তান তালেবানকে, পাকিস্তানের অভ্যন্তরে প্রাণঘাতী হামলা চালানো যোদ্ধাদের আশ্রয় দেয়ার জন্য অভিযুক্ত করে।
তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র: আল জাজিরা, ডন



