নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনের পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পূরণ হওয়ায় কর্মসূচি স্থগিত করেছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে চার সপ্তাহ পর সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি-এমন অভিযোগ তুলে আগামী ৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে শান্তিপূর্ণ পদযাত্রার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
চলতি বছরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ করা ব্যঙ্গাত্মক সংগঠনটি পরে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। সোমবার এক বিবৃতিতে সিজেপি জানায়, ৫ সেপ্টেম্বরের পদযাত্রা ইন্ডিয়া গেট থেকে শুরু হয়ে দিল্লি পুলিশের সদরদপ্তরে গিয়ে শেষ হবে।
নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনের সময় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি আত্মহত্যা করা নিট পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেয়ার দাবি জানিয়েছিল সিজেপি। সরকার এসব দাবি পূরণের বিষয়ে সম্মতি দেয়ায় সংগঠনটি সে সময় আন্দোলন স্থগিত করে।
সিজেপির অভিযোগ, গত ২৫ জুলাই সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার বেশির ভাগই এখনো বাস্তবায়িত হয়নি। সংগঠনটি বলছে, প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবর্তে সরকার কালক্ষেপণ করছে, বিভিন্ন কৌশলগত অজুহাত দেখাচ্ছে এবং স্পষ্ট আশ্বাস দেয়া থেকে বিরত থাকছে।
সিজেপি জানায়, আন্দোলনকারীদের বিরুদ্ধে সারা দেশে দায়ের হওয়া এফআইআরের তালিকা চেয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট, যাতে মামলা প্রত্যাহারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যায়। কিন্তু সরকার এখনো সেই তালিকা দেয়নি। এমনকি তালিকা সরবরাহের বিষয়ে সরকার কোনো স্পষ্ট অঙ্গীকারও করেনি বলে অভিযোগ সংগঠনটির।
এ ছাড়া সরকারের পক্ষ থেকে সিজেপিকে লিখিত আশ্বাস দেয়ার বিষয়টিও এখনো সম্পন্ন হয়নি বলে বিবৃতিতে দাবি করা হয়।
সংগঠনটি জানায়, গত ২৫ জুলাই তরুণদের দেয়া প্রতিশ্রুতিগুলো ভারত সরকার এবং বিজেপি-এনডিএ শাসিত রাজ্যগুলো কতটা বাস্তবায়ন করেছে, তা পর্যালোচনা করতে সোমবার জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে আদৌ আন্তরিক কি না, তা নিয়ে সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সিজেপির বিবৃতিতে বলা হয়, ‘সরকারের ব্যর্থতার’ প্রতিবাদে নিহত নিট পরীক্ষার্থীদের পরিবার ও পুলিশের ‘সহিংসতার’ শিকার ব্যক্তিদের নেতৃত্বে ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদরদপ্তর পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রা হবে।
এদিকে শিক্ষার্থী, যুব সংগঠন ও তরুণ নাগরিকদের বিপুলসংখ্যায় ইন্ডিয়া গেটে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এর আগে সিজেপির স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের টানা কয়েক সপ্তাহের আন্দোলনের পর গত মাসে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। আন্দোলনকারীরা সংসদ ভবনের দিকে পদযাত্রা শুরু করলে দিল্লি পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যও আহত হন।
সূত্র: এনডিটিভি



