উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি ব্যস্ত বাজারে বিস্ফোরণে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ৩০ জন। মঙ্গলবার (১২ মে) এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার আফগানিস্তান সীমান্তের নিকটবর্তী লাক্কি মারওয়াত জেলার সারাই নৌরাং শহরে একটি বোমাভর্তি রিকশার কারণে এ বিস্ফোরণটি ঘটে।
স্থানীয় পুলিশ প্রধান আজমত উল্লাহ জানান, নিহতদের মধ্যে দু’জন ট্রাফিক পুলিশ ও একজন নারী রয়েছেন।
জরুরি সেবা সংস্থা রেসকিউ ১১২২ জানিয়েছে, প্রায় ৩০ জন আহত হয়েছেন এবং গুরুতর আহতদের বান্নুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
টিএইচকিউ হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট মোহাম্মদ ইসহাক জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। এর আগে, নিকটবর্তী বান্নু জেলায় বোমা ও বন্দুক হামলায় ২১ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন।
পাকিস্তান এই হামলার জন্য তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি নামে পরিচিত পাকিস্তান তালেবানকে দায়ী করেছে। দলটি আফগানিস্তানের তালেবান সরকার থেকে আলাদা হলেও তাদের মিত্র এবং সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তাদের অভিযান আরো তীব্র করেছে।
মঙ্গলবার আফগান তালেবান প্রশাসন এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
সূত্র: আল জাজিরা



