পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ‘অবৈধ’ সব স্থাপনা গুঁড়িয়ে দেয়ার নির্দেশ দিয়েছে ভারত।
বুধবার (২৭ মে) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, পাকিস্তান সীমান্ত থেকে ১৫ কিলোমিটারের মধ্যে থাকা অনুমোদনহীন ভবন ভেঙে ফেলা হবে। সীমান্ত অপরাধ, অনুপ্রবেশ ও চোরাচালান রোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই পদক্ষেপের ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সীমান্তের শূন্য থেকে ১৫ কিলোমিটার এলাকার মধ্যে অবৈধ নির্মাণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন অমিত শাহ।
বিবৃতিতে আরো বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব অননুমোদিত স্থাপনা গুঁড়িয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
ভারত বলছে, পাকিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, মাদক চোরাচালান, অস্ত্র পাচার ও সন্ত্রাসে অর্থায়নের মতো কার্যক্রম বাড়ছে। এ কারণে সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের সীমান্ত অপরাধ মোকাবেলায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন অমিত শাহ। বিশেষ করে অনুপ্রবেশ, মাদক পাচার, দখলদারি ও আন্তসীমান্ত অপরাধ দমনে অভিযান বাড়ানোর কথা বলা হয়েছে।
রাজস্থান সফরের সময় তিনি এই নির্দেশনা দেন।
সূত্র: আল জাজিরা



