ক্রাউন প্রিন্সের জরুরি আমন্ত্রণে ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি যাচ্ছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচিত বৈঠকের পর পরই হঠাৎ পাকিস্তানের শীর্ষ নেতার সৌদি আরব সফরকে বেশ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সৌদি ক্রউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সৌদি ক্রউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান |ফাইল ছবি

জরুরি ভিত্তিতে সৌদি আরব সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সৌদি ক্রউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিশেষ আমন্ত্রণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশটিতে যাবেন শাহবাজ।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জিও নিউজ বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, সফরে পাকিস্তানি প্রধানমন্ত্রী সৌদি আরবের শীর্ষ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাতে আঞ্চলিক ও আন্তর্জাতিক একাধিক অতিগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচিত বৈঠকের পর পরই হঠাৎ পাকিস্তানের শীর্ষ নেতার সৌদি আরব সফরকে বেশ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

সূত্রমতে, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে আর্থিক সহযোগিতা সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা চলছে।

সূত্র জানায়, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এবং বিশেষ সহকারী তারিক ফাতেমিও শাহবাজ শরিফের সাথে সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন।

এ ছাড়া, অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরলে তিনিও এই প্রতিনিধিদলের অংশ হবেন বলে জানা গেছে।

সূত্র : জিও নিউজ