ভারতের আসাম রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮ জনে দাঁড়িয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) রাজ্যটিতে আগামী তিন দিনের জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে।
উত্তর-পূর্বের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়ায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
আসামের সাতটি জেলা এখনো বন্যা-আক্রান্ত, যেখানে তিন লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত এবং ৫৫০টিরও বেশি গ্রাম এখনো পানির নিচে। গত ২৪ ঘণ্টায় কর্তৃপক্ষ আরো তিনটি লাশ উদ্ধার করেছে।
আইএমডি জানিয়েছে, ৩০ জুলাই থেকে ১ আগস্টের মধ্যে আসাম, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের কিছু অংশে বজ্রপাত ও বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বন্যা, আকস্মিক বন্যা এবং ভূমিধসের ঝুঁকি বাড়িয়ে তুলবে। তিনসুকিয়া জেলাতেও ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে।
অরুণাচল প্রদেশে পূর্ব সিয়াং, লোহিত, নামসাই, লংডিং, পাপুমপারে, নিম্ন সুবানসিরি এবং নিম্ন দিবং উপত্যকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পার্শ্ববর্তী আসামের ধেমাজি, লখিমপুর, চরাইদেও, শিবসাগর, জোরহাট ও গোলাঘাট জেলাগুলোও প্রভাবিত হতে পারে। নাগাল্যান্ডের মন, ওখা ও মোকোকচুং জেলার জন্যও অনুরূপ সতর্কতা জারি করা হয়েছে।
সূত্র: এনডিটিভি



