প্রশ্নফাঁস রুখতে ভারতের লোকসভায় বিল পেশ, বিক্ষোভ বিরোধীদের

বিলটি আইনে রূপান্তরিত হলে যেকোনো পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসে অভিযুক্তদের ১০ বছরের জেল ও ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
ভারতে প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে লোকসভায় বিল উপস্থাপন করা হয়েছে
ভারতে প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে লোকসভায় বিল উপস্থাপন করা হয়েছে |সংগৃহীত

ভারতের পরীক্ষা ব্যবস্থায় আমূল পরির্বতন আনতে লোকসভায় আজ সোমবার একটি নতুন বিল পেশ করেছে নরেন্দ্র মোদির সরকার।

প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে, প্রশ্নফাঁস রুখতে কঠোর পদক্ষেপ নেবে তার সরকার। এমনকি পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার জন্য একটি টাস্কফোর্সও তৈরি করা হয়েছে বলে জানান তিনি।

তারপর আজ সোমবার পার্লামেন্টে এই বিল পেশ হয়। বিলটির নাম দেয়া হয়েছে পাবলিক এগ্‌জ্যামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬।

বিলটি আইনে রূপান্তরিত হলে যেকোনো পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসে অভিযুক্তদের ১০ বছরের জেল ও ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

ককরোচ জনতা পার্টি ও ছাত্রযুবদের লাগাতার আন্দোলনের ফলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর দায়িত্ব নিয়েছেন প্রহ্লাদ যোশী। তারপরেই সরকার একের পর এক ব্যবস্থা নেয়ার কথা জানাচ্ছে।

লোকসভায় বিলটি পেশ হতেই বিরোধীদের মধ্যে বিক্ষোভ দেখা দেয়। সংশোধনী বিল নিয়ে যথেষ্ট আলেচনার দাবিতে হট্টোগোলের জেরে সংসদের দুই কক্ষের অধিবেশন মুলতবি হয়ে যায়।

সূত্র : বিবিসি