ভারতের তামিলনাড়ু রাজ্যের করুরে তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের সভাপতি ও অভিনেতা থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জন নিহত ও ১০০ জনেরও বেশি আহত হওয়ার পর তার চেন্নাইয়ে বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
একাধিক সূত্র জানিয়েছে, সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে তার বাড়ি ঘেরাও করতে পারে এমন আশঙ্কা থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছে।
৫১ বছর বয়সী এই অভিনেতা দল টিভিকে আগামী বছর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যেই তার জনসভায় পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন তিনি।
ডিএমকে-নেতৃত্বাধীন রাজ্য সরকার সমাবেশে নির্দেশনা লঙ্ঘন করার জন্য বিজয়ের তীব্র সমালোচনা করেছে। রাজ্য সরকারের সূত্র জানিয়েছে, আয়োজকরা পানি ও খাবারের যথাযথ ব্যবস্থা করেনি। এর ফলে ভিড়ের মধ্যে থাকা মানুষরা অজ্ঞান হয়ে পড়েছিল।
সূত্রগুলো জানিয়েছে, দুপুর থেকেই সমর্থকেরা সমাবেশে জড়ো হতে শুরু করে। কিন্তু জনসভা শুরুর নির্ধারিত সময়ের ৭ ঘণ্টা পর বিজয় ঘটনাস্থলে যান।
টিভিকে’র একজন আইনজীবী জোর দিয়ে বলেন, পুলিশের সব ধরনের নির্দেশিকা অনুসরণ সমাবেশটি করা হয়েছে। এই দুর্ঘটনায় বিজয় মর্মাহত হয়েছেন বলেও জানান তিনি।
এদিকে বিজয় গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বলেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। আমি অসহনীয়, অবর্ণনীয় যন্ত্রণা ও শোকে কাতর। করুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাইবোনদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাই। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করি।’



