কলকাতায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সিআইডির তল্লাশি

এরপর তার ভাতিজা, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর কার্যালয়ে গিয়েছিল তদন্তকারী দলটি।

নয়া দিগন্ত অনলাইন
কালীঘাটে মমতা ব্যানার্জীর বাড়িতে সিআইডির তদন্তকারী দল
কালীঘাটে মমতা ব্যানার্জীর বাড়িতে সিআইডির তদন্তকারী দল |সংগৃহীত

পশ্চিমবঙ্গের কলকাতার কালীঘাট অঞ্চলে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বাড়ি সংলগ্ন তৃণমূল কংগ্রেসের দলীয় দফতরে মঙ্গলবার তল্লাশি চালিয়েছে রাজ্য পুলিশের সিআইডির একটি তদন্তকারী দল।

এরপর তার ভাতিজা, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর কার্যালয়ে গিয়েছিল তদন্তকারী দলটি।

দুজনের কেউই সেই সময়ে বাড়িতে বা দফতরে ছিলেন না। তারা সর্বভারতীয় স্তরে বিজেপিবিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি গেছেন।

তৃণমূল কংগ্রেসের বিধায়কদের এক সভায় তাদের সই জাল করে পরিষদীয় দলনেতা নির্বাচন করা হয়েছে বলে দলটির ‘বিদ্রোহী’ বিধায়ক ঋতব্রত ব্যানার্জী ও সন্দীপন সাহা বিধানসভার স্পিকারের কাছে অভিযোগ করেছিলেন।

সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত চালাচ্ছে সিআইডি।

গতকাল অভিষেক ব্যানার্জীকে বিধানসভায় জাল সই কাণ্ডে তৃতীয়বার নোটিশ দিয়েছিল তদন্তকারী সংস্থা সিআইডি। তবে অভিষেক ব্যানার্জী তখন কলকাতায় ছিলেন না।

তৃতীয় বারের নোটিশেও হাজিরা না দেয়ায় মঙ্গলবার তার কার্যালয়ে গিয়ে হাজির হন সিআইডির তদন্তকারী অফিসাররা। তবে সেখানে গিয়ে তারা বাধার সম্মুখীন হন বলে জানা গেছে।

অভিষেক ব্যানার্জীর কার্যালয়ে হানার আগে কালীঘাটেও তৃণমূল পার্টি অফিসে তল্লাশি চালাতে যান সিআইডি কর্মকর্তারা। সেখানেও বাধার সম্মুখীন হন তারা।

তবে সেই বাধা সত্ত্বেও তারা কালীঘাটে ৩০বি হরীশ চ্যাটার্জী স্ট্রিটের কার্যালয়ে ঢোকেন। এই কার্যালয়েটি তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জীর বাড়িতেই অবস্থিত।

তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘মমতা ব্যানার্জীর অনুপস্থিতিতে এটা কেন করা হচ্ছে, এতদিন তো উনি বাড়িতেই ছিলেন। তখন না এসে এখন এলেন কেন? এটি গণতন্ত্রের জন্য শুভ নয়।’

তবে এই নিয়ে সিআইডির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র : বিবিসি