ইমরান খানকে হাসপাতালে পাঠানোর আদেশ পুনর্বিবেচনার আবেদন পাকিস্তান সরকারের

রানা সানাউল্লাহ বলেন, ‘সরকারের দায়ের করা রিভিউ পিটিশনের সিদ্ধান্ত আসুক, তারপর পরিস্থিতি আরো স্পষ্ট হবে।’

নয়া দিগন্ত অনলাইন
ইমরান খান
ইমরান খান |ফাইল ছবি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের বিষয়ে সুপ্রিম কোর্টের দেয়া আদেশে ‘আইনের ব্যত্যয় ঘটেছে’ দাবি করে এটি পুনর্বিবেচনার আবেদন করেছে সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনীতিবিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ একথা জানিয়েছেন।

ইসলামাবাদে পার্লামেন্ট হাউসের বাইরে সাংবাদিকদের সাথে আলাপকালে রানা সানাউল্লাহ বলেন, ‘ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের কোনো সময়সীমা নেই। সরকার একটি রিভিউ পিটিশন দায়ের করেছে এবং আজ বা কালকের মধ্যে এর সিদ্ধান্ত হতে পারে।’

রানা সানাউল্লাহ বলেন, ‘সরকারের দায়ের করা রিভিউ পিটিশনের সিদ্ধান্ত আসুক, তারপর পরিস্থিতি আরো স্পষ্ট হবে।’

সরকার সংবিধান ও আইনের দ্বারা বাধ্য এবং সুপ্রিম কোর্টের রায় বিচারিক আদালতের জন্য বাধ্যতামূলক বলেও উল্লেখ করেন সানাউল্লাহ।

এ সিদ্ধান্তের ফলে ফৌজদারি বিচার ব্যবস্থায় সুদূরপ্রসারী প্রভাব পড়বে বলে সরকার মনে করছে বলে জানান তিনি।

তিনি প্রশ্ন তোলেন, ‘তাহলে কি প্রত্যেক বন্দীকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হবে? তাহলে তো হাজার হাজার আবেদন জমা পড়বে।’

এই আদেশের ফলে এখন অধস্তন আদালতের কাছে এ ধরনের আবেদন নাকচ করার কোনো সুযোগ থাকবে না বলেও জানান তিনি।

তার মতে, সরকার আদালতের সিদ্ধান্তকে সম্মান জানাতে বাধ্য এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে।

উল্লেখ্য, মঙ্গলবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে অবিলম্বে হাসপাতালে স্থানান্তরের এবং তার স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠনেরও নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ আদালত বলেছে, যেকোনো অভিযুক্তের স্বাস্থ্যসেবার অধিকার একটি মৌলিক অধিকার।

সূত্র : বিবিসি