শ্রীলঙ্কায় স্থানীয় পর্যটকদের বহনকারী একটি বাস সবুজ চা বাগানঘেরা পাহাড়ি শহর ভ্রমণের সময় প্রায় এক হাজার ফুট নিচে পড়ে গেছে। এতে ১৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন বলে শুক্রবার (৫ সেপ্টেম্বর) পুলিশ জানিয়েছে।
কলম্বো থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে দেশটির রাজধানী থেকে প্রায় ১৩০ কিলোমিটার পূর্বে পাহাড়ি এলাকা এল্লায় এই দুর্ঘটনা ঘটেছে। এ সময় বাসে থাকা আরো ১৬ জন আহত হয়েছেন।
পর্যটক বহনকারী বাসটি পাহাড় থেকে ফেরার পথে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। ফলে রেলিং ভেঙে বাসটি রাস্তা থেকে প্রায় এক হাজার ফুট নিচে পড়ে যায়।
গত মে মাসের পর শ্রীলঙ্কায় এটিই সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। ওই সময় দেশটির কোটমালেতে একটি বাস দুর্ঘটনায় ২৩ জন যাত্রী নিহত হন।
দ্বীপরাষ্ট্রটির আঁকাবাঁকা রাস্তাগুলোকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। দুই কোটি ২০ লাখ জনসংখ্যার দেশ শ্রীলঙ্কায় প্রতি বছর গড়ে তিন হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
সূত্র : বাসস



