শ্রীলঙ্কার গ্রেফতার সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহে আইসিইউতে

বিদেশ সফরে সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগে শুক্রবার রাতে তাকে কারাহেফাজতে পাঠানো হয়েছিল।

নয়া দিগন্ত অনলাইন
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে |টাইমস অফ ইন্ডিয়া

শ্রীলঙ্কার কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গুরুতর শারীরিক অসুস্থতার কারণে কলম্বো জাতীয় হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

বিদেশ সফরে সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগে শুক্রবার রাতে তাকে কারাহেফাজতে পাঠানো হয়েছিল।

হাসপাতালের উপ-মহাপরিচালক রুকশান বেলানা জানান, ৭৬ বছর বয়সী বিক্রমাসিংহে গুরুতর পানিশূন্যতায় ভুগছিলেন। তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রয়েছে।

তিনি বলেন, ‘গুরুতর জটিলতা রোধ করতে তাকে নিবিড় পর্যবেক্ষণ এবং চিকিৎসার প্রয়োজন।’ তবে বর্তমানে তার অবস্থা ‘স্থিতিশীল’ বলে নিশ্চিত করেছেন তিনি।

এক কারা কর্মকর্তা জানিয়েছেন, বিক্রমাসিংহের অবস্থার অবনতি হওয়ায় তাকে কারাগার থেকে শ্রীলঙ্কার প্রধান রাষ্ট্রীয় হাসপাতালে স্থানান্তর করা হয়। কারণ কারাগারের চিকিৎসা ব্যবস্থায় প্রয়োজনীয় সরঞ্জাম ছিল না। এএফপি’র প্রতিবেদনেও এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, কারাগারে বিক্রমাসিংহের সাথে সাক্ষাৎ করতে যাওয়া বিরোধী দলের কয়েকজন আইনপ্রণেতা দাবি করেন, তিনি তখনো সুস্থ ছিলেন। বিরোধী দলগুলোর অভিযোগ, সরকার তাকে ক্ষমতায় ফেরার ভয়ে আটক করেছে।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া