পরমাণু হামলার হুমকি সহ্য করবে না ভারত : পাকিস্তানকে মোদির বার্তা

মোদি পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেন, ‘ভারত আর পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না। শত্রুরা যদি আর কোনো দুঃসাহসিক কাজ করার সাহস করে, তাহলে ভারতীয় সশস্ত্র বাহিনী তাদের উপযুক্ত জবাব দেবে।’

নয়া দিগন্ত অনলাইন
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি |সংগৃহীত

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে উদ্দেশ করে সতর্কবার্তা দিয়ে বলেছেন, ভারত কোনোভাবেই পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না। এ সময় তিনি ঘোষণা দিয়েছেন, সিন্ধু পানি বণ্টন চুক্তিতে ভারত সম্মত নয়।

শুক্রবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে দেয়া ভাষণে মোদি এসব কথা বলেছেন।

তিনি বলেন, ‘সিন্ধু পানি বণ্টন চুক্তি ভারতের জনগণের প্রতি অবিচার ছিল। ভারতের নদীগুলো শত্রুর জমি সেচে ব্যবহার হয়েছে। অন্যদিকে আমাদের কৃষকরা পানি থেকে বঞ্চিত ছিল। এখন ভারত ও ভারতীয় কৃষকরা নিজেদের প্রাপ্য পানির অধিকার পাবে। কৃষক ও জাতীয় স্বার্থের সাথে আমরা আর আপস করব না।’

১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি বণ্টনের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু চলতি বছরের ২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মিরের পেহেলগাম হামলায় ২৬ জন নিরীহ মানুষের প্রাণহানির পর ভারত এই চুক্তি স্থগিত করেছিল। ভারতের পানির অংশ পাকিস্তানের সাথে ভাগাভাগির বিরোধিতা জানিয়ে মোদি পুনর্ব্যক্ত করেন, পানি ও রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না।

তিনি পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেন, ‘ভারত আর পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না। শত্রুরা যদি আর কোনো দুঃসাহসিক কাজ করার সাহস করে, তাহলে ভারতীয় সশস্ত্র বাহিনী তাদের উপযুক্ত জবাব দেবে। ভারত সিদ্ধান্ত নিয়েছে, রক্ত ও পানি একসাথে আর প্রবাহিত হবে না।’

সূত্র : এনডিটিভি