সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘ফাতাহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়িয়ে সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। এর মাধ্যমে নিজেদের সামরিক শক্তি ঝালিয়ে নিল পাকিস্তান।
বৃহস্পতিবার (১৪ মে) ক্ষেপনাস্ত্রটির পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর মিডিয়া অ্যাফেয়ার্স উইং।
পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক এভিওনিক্স ও নেভিগেশন সিস্টেমের সাহায্যে অনেক দূরের লক্ষ্যবস্তুতেও নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। মূলত বাহিনীর দক্ষতা বাড়ানো এবং উন্নত প্রযুক্তির কার্যকারিতা যাচাই করতেই এই মহড়ার আয়োজন করা হয়।
পরীক্ষার সময় পাকিস্তান আর্মি রকেট ফোর্স কমান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ক্ষেপণাস্ত্রটির উন্নয়নকারী প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
ফাতাহ-৪ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের জন্য পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। তারা ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের কারিগরি দক্ষতা, নিষ্ঠা ও অবদানের প্রশংসা করেন।
মাত্র তিন সপ্তাহ আগেই পাকিস্তান তাদের ‘ফাতাহ-টু’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল। উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান সেনাবাহিনী ৭৫০ কিলোমিটার পাল্লার ফাতাহ-৪ ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণ উৎক্ষেপণও সফলভাবে সম্পন্ন করেছিল।
সূত্র: ডন



