দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার মাঝে ভারত সরকার আবারো নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে বহিষ্কার করেছে। ওই কর্মকর্তাকে ‘ভারতে তার কূটনৈতিক মর্যাদার পরিপন্থী কাজকর্মে’ যুক্ত থাকার অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। ভারত গত আট দিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার কোনো পাকিস্তানি কূটনৈতিককে বহিষ্কার করেছে।
ভারতীয় গণমাধ্যম পিটিআই সূত্রে বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে বাসস।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, বহিষ্কৃত পাকিস্তানি কূটনীতিক এমন কিছু কর্মকাণ্ডে যুক্ত ছিলেন যা আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতি, বিশেষ করে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী অগ্রহণযোগ্য। যদিও সরকারিভাবে ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। তবে সূত্রমতে তিনি হাইকমিশনের একটি গোয়েন্দা শাখার সাথে যুক্ত ছিলেন।
এ বহিষ্কার এমন এক সময়ে ঘটল যখন ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা তুঙ্গে। ভারতের নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, তারা বেশ কিছুদিন ধরেই ওই কর্মকর্তার গতিবিধির ওপর নজর রাখছিল। গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনি ভারতের অভ্যন্তরে স্পর্শকাতর তথ্য সংগ্রহের চেষ্টায় যুক্ত ছিলেন এবং ভারতীয় নাগরিকদের সাথে সন্দেহজনক যোগাযোগ স্থাপন করেছিলেন। এসব প্রমাণের ভিত্তিতেই তাকে অবাঞ্ছিত ঘোষণা করে দেশত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
এ ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ইসলামাবাদ এ বহিষ্কারকে ‘অন্যায্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিতে পারে এবং পাল্টা ব্যবস্থা নেয়ার আশঙ্কাও রয়েছে।
এর আগে, আট দিন আগে একই ধরনের অভিযোগে পাকিস্তানের আরেকজন কূটনীতিককে ভারত থেকে বহিষ্কার করা হয়েছিল। দু’টি ঘটনাই ইঙ্গিত দিচ্ছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ক্রমেই খারাপের দিকে যাচ্ছে।



