ভারতে একটি টানেলে পানি ও ধ্বংসাবশেষ ঢুকে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় এ ঘটনা ঘটে।
রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তিন শ্রমিক এখনো আটকা পড়ে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। এখন পর্যন্ত ১৮ শ্রমিককে উদ্ধার করা হয়েছে।
চামোলির পিপলকোটিতে তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডের (টিএইচডিসি) প্রকল্পস্থলে কমপক্ষে ২৮ জন কাজ করছিলেন। এ সময় হঠাৎ পানির স্রোত টানেলের ভেতরে ঢুকে পড়ে। প্রবল স্রোত তাদের অনেককে টানেলের বাইরের দিকে ভাসিয়ে নিয়ে যায়।
স্থানীয় বিধায়ক লাখপত বুটোলা এটিকে অত্যন্ত মর্মান্তিক ঘটনা বলে অভিহিত করেছেন।
জেলা ম্যাজিস্ট্রেট গৌরব কুমার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টানেলে নির্মাণকাজ চলাকালীন বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ ও পানি ঢুকে পড়ে।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক তথ্য নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এসডিআরএফ) দলগুলো আটকে পড়া শ্রমিকদের সন্ধানে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছে।
সূত্র: এনডিটিভি


