উত্তরপ্রদেশের ফতেহপুরে ঐতিহাসিক মসজিদকে ঘিরে বড়সড় বিতর্ক। সোমবার এক হিন্দু সংগঠনের সদস্যরা জেলার সদর তহসিল এলাকার নবাব আবদুস সামাদ মসজিদের বাইরে ভাঙচুর চালান। তাদের দাবি, এই মসজিদ প্রাচীন এক মন্দিরের উপর তৈরি। অভিযোগের জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিপুল সংখ্যক পুলিশ ও পিএসি বাহিনী মোতায়েন করেছে প্রশাসন। পাশাপাশি কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে ‘বিতর্কিত’ স্থানের চারপাশে।
জানা গেছে, জেলার বিজেপি সভাপতি অভিযোগ করেছেন- এটি কোনো মসজিদ নয়, বরং হাজার হাজার বছরের পুরনো ঠাকুরজি ও মহাদেবের মন্দির। তার দাবি, ভেতরে পদ্মফুলের নকশা ও ত্রিশূলের উপস্থিতি সেই প্রমাণ বহন করছে। এই অভিযোগ ছড়িয়ে পড়তেই হিন্দু সংগঠনের সদস্যরা মসজিদ প্রাঙ্গণে ঢুকে ভাঙচুর চালান এবং ঘোষণা করেন, সেখানেই পূজা-পাঠের আয়োজন করবেন তাঁরা।
সরকারি নথি অবশ্য অন্য কথা বলছে। খাসরা নম্বর ৭৫৩-এর জমি সরকারি রেকর্ডে ‘জাতীয় সম্পত্তি মকবরা মঙ্গি’ হিসেবে নথিভুক্ত। অর্থাৎ এটি একটি সংরক্ষিত স্মৃতিস্তম্ভ। তবু সাম্প্রতিক ধর্মীয় দাবিকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। আইনশৃঙ্খলা রক্ষা ও সঙ্ঘর্ষ এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি রেখেছে।
সূত্র : দ্য ওয়াল



