ভারতের ঝাড়খণ্ডে বাস-ট্রাকের সংঘর্ষে ১৮ তীর্থযাত্রী নিহত

ভারতের ঝাড়খণ্ডে বৈদ্যনাথ ধাম মন্দিরে যাওয়ার পথে তীর্থযাত্রী বহনকারী একটি বাসের সাথে গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৮ জন নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ডের দেওঘর জেলার জামুনিয়া গ্রামের কাছে মঙ্গলবার (২৯ জুলাই) তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষে ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন।

দেওঘরের সাংসদ নিশিকান্ত দুবে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেছেন, ‘আমার লোকসভা নির্বাচনী এলাকা দেওঘরে শ্রাবণ মাসে কানওয়ার যাত্রার সময় বাস ও ট্রাক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। বৈদ্যনাথ তাদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।’

দেওঘরের মোহনপুর ব্লকে উত্তর-প্রবাহিত যমুনিয়া নদীর তীরে একটি বিখ্যাত শিব-পার্বতী মন্দিরের কাছে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। বৈদ্যনাথ ধাম মন্দিরে পবিত্র পানি দিতে দেওঘর যাওয়ার পথে প্রায় ৩৫ জন তীর্থযাত্রীকে বহনকারী একটি বাসের সাথে গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা দৃশ্যটিকে ভয়াবহ বলে বর্ণনা করেন। সংঘর্ষের মাত্রা এতটাই তীব্র ছিল যে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছিলেন। পরে পুলিশ ও জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে লাশ ও আহতদের উদ্ধার করে।

আহতদের দ্রুত নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং দেওঘর সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তৃপক্ষ জানায়, এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের পরিচয় যাচাই করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।

সূত্র : এনডিটিভি