৫৯ সেকেন্ডেই ধ্বংস হয় এয়ার ইন্ডিয়ার বিমান

‘উড়োজাহাজটি বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩০ সেকেন্ড পরেই বিকট শব্দ হয়, এরপরই বিধ্বস্ত হয়। সবকিছু এত দ্রুত ঘটে গেল।’

নয়া দিগন্ত অনলাইন
আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা
আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা |সংগৃহীত

ভারতের গুজরাটে মাত্র ৫৯ সেকেন্ডেই ধ্বংস হয়েছে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। আহমেদাবাদ বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে বিমানটির শেষ মুহূর্ত।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুরুতে সব কিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। কিন্তু খালি চোখেই বোঝা যায়, বিমানটি যতটা উচ্চতায় ওঠার কথা ছিল, তা হয়নি। বরং মাঝামাঝি একটা স্তরে স্থির হয়ে ছিল কিছুক্ষণ। সেখান থেকেই ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে এবং একসময় ঘটে মারাত্মক বিস্ফোরণ।

কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা এখনো স্পষ্ট নয়। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এয়ার ইন্ডিয়া এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছে।

দুর্ঘটনার জেরে আহমেদাবাদগামী ইন্ডিগোর একটি বিমান নিরাপত্তার জন্য মাঝপথ থেকে কলকাতায় ফিরে আসে।

এয়ার ইন্ডিয়ার বিমানের দুর্ঘটনার পর সংক্ষিপ্ত বিবৃতিতে বোয়িং জানিয়েছে, ‘আমরা প্রাথমিক তথ্য সম্পর্কে অবহিত। ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।’

এদিকে, গুজরাটে বিধ্বস্ত উড়োজাহাজটির একজন যাত্রী বেঁচে আছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। বেঁচে থাকা ওই ব্যক্তির নাম বিশ্বাস কুমার রমেশ (৪০)। তিনি যুক্তরাজ্যের নাগরিক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়, ভয়াবহ এই দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে গেছেন এক যুবক, যিনি বিমানের ১১-ই নম্বর আসনে বসা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় হাঁটতে দেখা গেছে। তার পরনে ছিল সাদা টি-শার্ট ও কালো ট্রাউজার, মুখ ও কপালে ছিল জখমের দাগ।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বাস কুমার রমেশ ও তার ভাই অজয় কুমার রমেশ (৪৫) একই ফ্লাইটে যুক্তরাজ্যে যাচ্ছিলেন। আহত বিশ্বাস কুমারকে আহমেদাবাদের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্বাস কুমার রমেশ বলেন, ‘উড়োজাহাজটি বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩০ সেকেন্ড পরেই বিকট শব্দ হয়, এরপরই বিধ্বস্ত হয়। সবকিছু এত দ্রুত ঘটে গেল। বিশ্বাস কুমার বুকে, চোখে ও পায়ে আঘাত পেয়েছেন।’

উল্লেখ্য, যে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে, সেটি ছিল বোয়িংয়ের তৈরি। সাম্প্রতিক বছরগুলোতে বোয়িং ৭৩৭ সিরিজ-সংক্রান্ত একাধিক দুর্ঘটনার পরে কোম্পানিটি পুনরুদ্ধারের চেষ্টা করছিল। ঠিক তার মধ্যেই প্যারিস এয়ার শোয়ের কয়েকদিন আগে AI-171 দুর্ঘটনা বোয়িংয়ের ভাবমূর্তির ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র : হিন্দুস্তান টাইমস