আফগান সীমান্ত অঞ্চলে হামলা পাকিস্তানের

পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আত্মঘাতী হামলার প্রতিক্রিয়ায় সাতটি সন্ত্রাসী শিবির ও ইসলামিক স্টেট সহযোগীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে; সম্পর্ক দু’দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষের কারণে তীব্র অবনতি ঘটেছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

পাকিস্তান আজ রোববার জানিয়েছে, তারা সাম্প্রতিক আত্মঘাতী হামলার জন্য দায়ী আফগান-ভিত্তিক উগ্রবাদী গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী সাতটি স্থানে হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, ‘গত সপ্তাহে রমজানের শুরু থেকে তিনটি হামলার পরিপ্রেক্ষিতে ‘সীমান্ত এলাকায় পাকিস্তানি তালেবান ও তাদের সহযোগীদের সাতটি সন্ত্রাসী শিবির এবং আস্তানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে পাকিস্তান।’

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার-এর এক্সে পোস্ট করা বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান ইসলামিক স্টেট গ্রুপের একটি সহযোগীকেও লক্ষ্যবস্তু করেছে।

এই হামলাগুলো কোথায় পরিচালনা করা হয়েছে সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, দু’সপ্তাহ আগে ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ এবং উত্তর-পশ্চিম পাকিস্তানে সাম্প্রতিক অন্যান্য আত্মঘাতী বোমা হামলার প্রতিক্রিয়ায় এগুলো চালানো হয়েছে।

২০০৮ সালের ম্যারিয়ট হোটেল বোমা হামলার পর ইসলামাবাদে সবচেয়ে ভয়াবহ হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ১৬০ জনেরও বেশি আহত হওয়া মসজিদ বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট গ্রুপ।

পাকিস্তান আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষকে উগ্রবাদীদের আশ্রয় দেয়ার জন্য আফগান মাটি ব্যবহার করার অনুমতি দেয়ার অভিযোগ করেছে। সাম্প্রতিক মাসগুলোতে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের কারণে দু’দেশের সম্পর্ক দ্রুত খারাপ হয়ে গেছে।

সূত্র : বাসস