ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে একটি গাড়ি বিস্ফোরণের ঘটনার পর দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। এই ঘটনার জেরে আগামী তিন দিনের জন্য লালকেল্লা বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) বা ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন দিন দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হবে লালকেল্লা।
বিস্ফোরণস্থলের তদন্ত চলাকালীন জনসমাগম কমানোর উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে, গাড়ি বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে। তবে বিস্ফোরণের পেছনে নাশকতার উদ্দেশ্য ছিল কি না এবং তেমন হলে নিশানায় কারা ছিলেন- এমন একাধিক প্রশ্নের উত্তর মেলেনি।
অন্যদিকে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ স্থানীয় সময় সকাল ১১টার দিকে একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠক ডেকেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএনআই।
এই বৈঠকে অংশ নিচ্ছেন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। যাদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, গোয়েন্দা ব্যুরোর পরিচালক, জাতীয় তদন্ত সংস্থার মহাপরিচালক এবং দিল্লি পুলিশের কমিশনার। বৈঠকে সভাপতিত্ব করবেন অমিত শাহ।



