ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে ছয়টি ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এটি নির্বাহী আদেশ ১৩৮৪৬-এর অধীনে মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান সরকার এই আয়ের মাধ্যমে মধ্যপ্রাচ্যে সংঘাত উসকে দিচ্ছে, উগ্রবাদে অর্থ জোগাচ্ছে এবং নিজ দেশের জনগণকে দমন করছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, ‘ইরানি সরকার তার অস্থিতিশীল কর্মকাণ্ডের অর্থায়নের জন্য মধ্যপ্রাচ্যে সংঘাত উসকে দিচ্ছে। আজ যুক্তরাষ্ট্র বিদেশে সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্য এবং তার নিজস্ব জনগণের ওপর নির্যাতনের জন্য যে রাজস্ব প্রবাহ ব্যবহার করে তা বন্ধ করার পদক্ষেপ নিচ্ছে।’
বুধবার মার্কিন পররাষ্ট্র দফতর ইরানের সাথে বাণিজ্যের জন্য ২০টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে, যার মধ্যে ছয়টি ভারতীয় প্রতিষ্ঠানও রয়েছে। নিষেধাজ্ঞায় থাকা ছয় ভারতীয় কোম্পানি হচ্ছে- অ্যালকেমিক্যাল সলিউশনস প্রাইভেট লিমিটেড, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেড, জুপিটার ডাই কেম প্রাইভেট লিমিটেড, রমনিকলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি, পারসিস্টেন্ট পেট্রোকেম প্রাইভেট লিমিটেড ও কাঞ্চন পলিমার।
এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে বা মার্কিন নাগরিকদের নিয়ন্ত্রণাধীন যেকোনো স্থানে এসব কোম্পানির সম্পদ ও স্বার্থ ‘ব্লক’ বা জব্দ থাকবে। এছাড়া যেসব প্রতিষ্ঠান বা কোম্পানি ৫০ শতাংশ বা তার বেশি শেয়ারে এসব নিষিদ্ধ কোম্পানির মালিকানায় রয়েছে, তারাও নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
মার্কিন পররাষ্ট্র দফতর আরো জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা দেশের ভেতর দিয়ে (অথবা ট্রানজিটের সময়) এসব নিষিদ্ধ কোম্পানির সম্পদ বা স্বার্থসম্পন্ন যেকোনো লেনদেন নিষিদ্ধ। এছাড়া এদেরকে অর্থ, পণ্য বা সেবা দেয়াও নিষিদ্ধ। এসব কোম্পানির পক্ষ থেকে সেসব গ্রহণ করাও নিষিদ্ধ।’
পররাষ্ট্র দফতর স্পষ্ট করে জানিয়েছে, এই নিষেধাজ্ঞার লক্ষ্য ‘শাস্তি দেয়া নয়, বরং আচরণে ইতিবাচক পরিবর্তন আনা’।



