পাকিস্তানের করাচিতে সিন্ধু রেঞ্জার্সের ক্যাম্পে সশস্ত্র হামলায় তিন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় চার হামলাকারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৭ জুন) সন্ধ্যায় করাচির পূর্বাঞ্চলের গুলিস্থান-ই-জোহরে এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, একজন সন্দেহভাজন বোমা হামলাকারী বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে ভবনের প্রবেশপথে ধাক্কা দিলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এর পরপরই আধাসামরিক রেঞ্জার্স বাহিনীর ক্যাম্পে পাঁচ থেকে ছয়জনের একটি দল হামলা চালায়।
সিন্ধু পুলিশের প্রধান জাভেদ আলম ওধো জানান, তিন রেঞ্জার্স সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত কমপক্ষে তিনজন সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন।
পুলিশের আরেকটি সূত্র জানিয়েছে, চার হামলাকারী নিহত হয়েছেন এবং নিরাপত্তাকর্মীরা বাকি হামলাকারীদের নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
সূত্র: ডন, আনাদোলু অ্যাজেন্সি



