ভারতের কলকাতায় নির্মাণাধীন যে গুদামটি বুধবার দুপুরে ভেঙে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে, সেই ভবনের প্ল্যান ‘ত্রুটিপূর্ণ’ ছিল বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি জানিয়েছেন, বিজেপি ক্ষমতায় আসার আগে যে সমস্ত ভবনের প্ল্যান অনুমোদন করা হয়েছিল, সেগুলো অডিট করা হবে।
বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে ফিরে আসার পর রাজ্য সরকারের সচিবালয় ‘নবান্নে’ সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু। এ সময় তিনি এসব কথা বলেন।
শুভেন্দু বলেন, ‘কেএমসি (কলকাতা পৌর সংস্থা) থেকে আমাকে জানানো হয়েছে, ২০২৬ সালের ১৭ জানুয়ারি এই বিল্ডিংয়ের প্ল্যানে অনুমোদন দেয়া হয়েছে। কেএমসির ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন- এই বিল্ডিংয়ের প্ল্যান ত্রুটিযুক্ত। টেকনিকাল লোকেরা কাজ করছেন, রাতে রিপোর্ট পেয়ে যাব।’
তিনি জানিয়েছেন, বিধানসভার অধিবেশন চলছে, তাই ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং এই ঘটনার বিষয়ে কী পদক্ষেপ নেয়া হচ্ছে সে বিষয়ে তিনি বিধানসভায় জানাবেন।
পাশাপাশি বলেছেন, গোটা কলকাতা করপোরেশন এলাকাতে যে প্ল্যান অনুমোদিত হয়েছে, আমাদের সরকারে আসার আগে তা অডিট হবে।
আগের সরকারের আমলে অনুমোদিত হওয়া বিল্ডিং প্ল্যান, বিশেষত বাণিজ্যিক ভবনের প্ল্যান এবং যে সমস্ত স্থানে জলাশয় ভরাট করে ভবন নির্মাণ হচ্ছে ‘তার কাজ আগামী ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে এবং অডিট হবে। অডিটে পিডব্লিউডি (পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট), ফায়ার (দমকল), সিভিল ডিফেন্স এবং কলকাতা পুলিশ থেকে টিম বানিয়ে দেয়া হবে। সেই টিম সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান এবং স্পট ভিজিট করে দেখবে।
বিধাননগর এবং হাওড়াতেও একই পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বুধবার দুপুর ১২টা নাগাদ তারাতলায় ওই গুদাম ভেঙে পড়ায় সেখানে কর্মরত শ্রমিকরা চাপা পড়েন। এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। উদ্ধার হওয়া ১৮ জনের চিকিৎসা চলছে। উদ্ধারের কাজ চলছে। তারাতলায় অবস্থিত যে গুদামটি ভেঙে পড়ে বিপত্তি তৈরি হয়েছে, তার জমি লিজে নিয়েছিল একটি বেসরকারি সংস্থা। সূত্র : বিবিসি



