তৃণমূলের ২ হাজার সমর্থকের ওপর হামলা, কলকাতা হাইকোর্টে মামলা

মামলার আবেদনে অভিযোগ করা হয়, নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন এলাকায় সহিংস ঘটনায় তৃণমূলের অন্তত ২ হাজার কর্মী-সমর্থক আহত হন। পাশাপাশি ৩৬৫টি দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে বলেও দাবি করা হয়।

নয়া দিগন্ত অনলাইন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী ও সমর্থকদের ওপর হামলার অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দলটির পক্ষ থেকে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় মামলাটি দায়ের করেন।

মামলাটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে গ্রহণ করা হয়েছে। আদালত বৃহস্পতিবার শুনানির দিন নির্ধারণ করেছে।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন এলাকায় সহিংস ঘটনায় তৃণমূলের অন্তত ২ হাজার কর্মী-সমর্থক আহত হন। পাশাপাশি ৩৬৫টি দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে বলেও দাবি করা হয়।

আবেদনকারী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় আদালতের কাছে এসব ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য উপযুক্ত তদন্ত সংস্থা নিয়োগের নির্দেশনা চান। একই সঙ্গে রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আবেদন জানান তিনি।

উল্লেখ্য, শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় হুগলির উত্তরপাড়া আসনে তৃণমূলের প্রার্থী হিসেবে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে তিনি পরাজিত হন।

মামলার আবেদনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যও উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, ভোট-পরবর্তী সহিংসতায় রাজ্য পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তার অভিযোগ অনুযায়ী, এই ঘটনায় তৃণমূলের দুই কর্মী নিহত হয়েছেন এবং একাধিক স্থানে হামলার ঘটনা ঘটেছে।

এদিকে এসব অভিযোগের কড়া জবাব দিয়েছে বিজেপি। দলের মুখপাত্র বিমল শঙ্কর নন্দ বলেন, নির্বাচনের পর কিছু ব্যক্তি নিজেদের বিজেপি পরিচয়ে সহিংসতায় জড়াচ্ছেন, তবে এর সঙ্গে দলটির কোনো সম্পর্ক নেই। যারা এসব করছে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে রাজ্যের রাজনৈতিক ইতিহাসে নির্বাচন-পরবর্তী সহিংসতা নিয়ে বিভিন্ন সময় দুই প্রধান রাজনৈতিক শিবির পরস্পরকে দোষারোপ করে আসছে। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর এবং সাম্প্রতিক নির্বাচনের পরও একই ধরনের রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে বলে রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ।

সূত্র : নিউজ ১৮ বাংলা